জ্বালানি সাশ্রয়ের জন্য বর্তমানে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত পরিবর্তন করে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এ দাবি জানান।

ব্যবসায়ী নেতারা বলেন, সন্ধ্যার পরই সাধারণত শপিংমলগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়ে। কিন্তু সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট বন্ধ করতে হওয়ায় বিক্রি কমে গেছে। ফলে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন-ভাতা এবং ঋণের কিস্তি পরিশোধে ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন।
চিটাগাং চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করা হবে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় চেম্বার সবসময় কাজ করবে।
সভায় ব্যবসায়ী নেতারা বর্তমান ভ্যাট ব্যবস্থা সহজ করার পাশাপাশি প্যাকেজ ভ্যাট পদ্ধতি চালুর দাবিও জানান।
উল্লেখ্য, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ১ জুন থেকে আবারও দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করেছে। ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলেও সেই সুবিধার মেয়াদ শেষ হয়েছে।
