জ্বালানি খাতে নতুন সহযোগিতার বার্তা দিল সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন এবং সম্প্রসারণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদী। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

জ্বালানি খাতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস আরব আমিরাতের

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে বাংলাদেশের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের অন্যতম প্রধান ও নির্ভরযোগ্য উৎস। তিনি বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশকে অগ্রাধিকারভিত্তিতে সহযোগিতা করার বিষয়টি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।

এছাড়া এলএনজি বাণিজ্যের সম্প্রসারণ, স্পট মার্কেটের ওপর নির্ভরতা কমানো, বিদ্যুৎ ও জ্বালানি গ্রিড আধুনিকীকরণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং স্বয়ংক্রিয় সাব-স্টেশন স্থাপনের মতো বিষয়েও আলোচনা হয়।

প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ সরকার ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিন হাইড্রোজেন ও গ্রিন অ্যামোনিয়া উৎপাদনে গুরুত্ব দিচ্ছে। এ খাতে বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার জন্য সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা কামনা করেন তিনি।

জবাবে রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদী বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও অংশীদারিত্বকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top