লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত ,
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি পুলিশ ফাঁড়ি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহত সুমাইয়া জান্নাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আরবশাহ ঘোনা এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় পূরবী পরিবহনের একটি বাসে থাকা সুমাইয়া জান্নাত গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, হাসপাতালে আনার আগেই ওই তরুণীর মৃত্যু হয়েছিল।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
