চাঁদা না পেয়ে হামলা, মামলার পর বেড়ে গেল চাঁদার পরিমাণ!

মামলার পর ২০ লাখ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়েরের পর চাঁদার দাবি ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫০ লাখ টাকা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার সকালে উপজেলার বড়দিঘীরপাড় এলাকায় হামলার পর রাতে ভবনের মালিক জসিম উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন।

 

জসিম উদ্দিন অভিযোগ করেন, মামলা করার পর বিদেশি নম্বর থেকে ফোন করে সন্ত্রাসীরা নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এবং এবার ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি পূরণ না হলে আবারও হামলার হুমকিও দেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে শ্রমিকরাও কাজে ফিরতে রাজি হচ্ছেন না বলে জানান তিনি।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, হামলা ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার মুখোশধারী কয়েকজন সশস্ত্র ব্যক্তি নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ভবন মালিকের দাবি, এর আগে প্রায় এক মাস ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top