দুবাই যাওয়ার পথে যাত্রীর লাগেজে মিলল ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা বিদেশি মুদ্রার বাংলাদেশি মূল্য প্রায় ৯৫ লাখ টাকা।

বৃহস্পতিবার রাতে দুবাইগামী এক যাত্রীর হ্যান্ড লাগেজে তল্লাশি চালিয়ে এই বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ আবু বক্কর বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস, এনএসআই ও ডিজিএফআই সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। তল্লাশির সময় যাত্রীর ব্যাগ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইউএই দিরহাম ও ওমানি রিয়াল উদ্ধার করা হয়, যার মোট মূল্য প্রায় ৯৪ লাখ ৫১ হাজার টাকা।
আবু বক্কর রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থার একটি ফ্লাইটে দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বৈদেশিক মুদ্রা পাচার, চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
