কুমিল্লা কারাগারে যুবদলকর্মীর মৃত্যু, তদন্তের দাবি পরিবারের
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় বন্দি যুবদলকর্মী শহিদুল্লাহ রাসেল (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলে তার মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে থাকা অবস্থায় তিনি নিউমোনিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতা বাড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কার্ডিয়াক অ্যারেস্ট হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহিদুল্লাহ রাসেল গত ১০ মে লালমাই উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার হন। পরদিন আদালতের নির্দেশে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।এদিকে রাসেলের পরিবার দাবি করেছে, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মাদক মামলায় ফাঁসানো হয়েছিল। বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা। স্থানীয় বিএনপি নেতারাও অভিযোগের তদন্ত চেয়েছেন।
তবে পরিবারের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযানের সময় রাসেলকে ইয়াবাসহ আটক করা হয় এবং ঘটনার ভিডিও ও সাক্ষী রয়েছে।
