চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার একটি শপিং মলের পঞ্চম তলা থেকে পড়ে মাইন উদ্দিন হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাইন উদ্দিন হাসান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা। তার পড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, শপিং মলটির পঞ্চম তলায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। তার আশপাশে অন্য লোকজনও ঘোরাঘুরি করছিল। এ সময় তিনি একাধিকবার তার হাতের ঘড়ির দিকে তাকাচ্ছিলেন। একপর্যায়ে রেলিংয়ের ওপর বসার ভঙ্গিতে তিনি পেছনের দিকে ভর দিচ্ছিলেন। এরপর কেউ কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে রেলিং পার হয়ে পাঁচতলা থেকে নিচে পড়ে যান।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ওই যুবকের পরিবারের বরাতে বলেন, ‘যুবকটি কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে তার মোবাইলের তথ্য বিশ্লেষণ করে সেখানে কারো জন্য অপেক্ষা করার প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এর বাইরে আর কোনো ইস্যু আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিরাপত্তাকর্মীরা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
