
চীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে। সাংহাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে (WAIC) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এআই প্রযুক্তি কোনো একক দেশের নিয়ন্ত্রণে নয়, বরং বৈশ্বিক অংশীদারত্বের ভিত্তিতে এগিয়ে নেওয়া উচিত।
তিনি বলেন, জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রযুক্তিগত উন্নয়ন বাধাগ্রস্ত করা বা অন্য দেশের ওপর বিধিনিষেধ আরোপ দীর্ঘমেয়াদে কারও জন্যই ইতিবাচক নয়। এআই খাতে উন্মুক্ত সহযোগিতা ও যৌথ নীতিমালার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে, সাংহাইয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন (WAICO)। ২৯টি দেশ নিয়ে গঠিত এ জোটের সদর দপ্তরও সাংহাইয়ে স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, নতুন এই জোটের মাধ্যমে বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়ন এবং প্রযুক্তি খাতে আন্তর্জাতিক প্রভাব বাড়ানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছে চীন। একই সময়ে উন্নত চিপ প্রযুক্তিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, অবকাঠামো, ডাটা সেন্টার ও খনিজ সম্পদের সুবিধা কাজে লাগিয়ে এআই খাতে দীর্ঘমেয়াদে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে বেইজিং।
