কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ফ্রেজার ক্যানিয়ন অঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়া দাবানলের কারণে বোস্টন বার এলাকায় জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে সেখানে অবস্থানরত বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়তে বলা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার বোস্টন বারের দক্ষিণে নতুন দাবানলের সূত্রপাত হয়। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত বিস্তৃত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জরুরি সতর্কবার্তায় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে দেরি না করে এলাকা ত্যাগের আহ্বান জানানো হয়েছে।

দাবানলের প্রভাবে হাইওয়ে-১-এর একটি বড় অংশ উভয় দিক থেকে বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে হাইওয়ে-৫ ব্যবহার করতে বলা হলেও বোস্টন বার থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের উত্তরমুখী হাইওয়ে-১ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রিটিশ কলাম্বিয়া ওয়াইল্ডফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের বিস্তার ইতোমধ্যে প্রায় ৩০০ হেক্টরে পৌঁছেছে এবং এটিকে ‘আউট অব কন্ট্রোল’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ব্রান্সউইক ক্রিক দাবানল থেকে ছড়িয়ে পড়া একটি স্পট ফায়ার।
এর আগে একই এলাকার দাবানলের কারণে প্রায় ৪৫০টি সম্পত্তির বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বাস্তুচ্যুতদের জন্য ক্যামলুপসের ম্যাকআর্থার আইল্যান্ড স্পোর্টস সেন্টারে অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করেছে কর্তৃপক্ষ।
