লিওনেল মেসি কি আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা এনে দেবেন? ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি চমকপ্রদ সংখ্যাতত্ত্ব, যা ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন আলবিসেলেস্তে সমর্থকরা।
তত্ত্বটি বলছে, মেসির ক্যারিয়ারে ব্যবহৃত জার্সি নম্বরগুলোর সঙ্গে আর্জেন্টিনার সাম্প্রতিক বড় শিরোপা জয়ের তারিখের অদ্ভুত মিল রয়েছে। ২০২১ সালের ১০ জুলাই কোপা আমেরিকা জয়ের সময় মেসির জার্সি ছিল ১০ নম্বর। এরপর ১৮ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ জয়ের তারিখটি মিলে যায় ক্যারিয়ারের শুরুর দিকে তার পরা ১৮ নম্বর জার্সির সঙ্গে।

এরপর আসে ২০২৪ সালের কোপা আমেরিকা। ফাইনাল ম্যাচটি ১৪ জুলাই শুরু হওয়ার কথা থাকলেও বিলম্বের কারণে আর্জেন্টিনা শিরোপা নিশ্চিত করে ১৫ জুলাই, যা মেসির আরেকটি পুরোনো জার্সি নম্বরের সঙ্গে মিলে যায়।
এবার আলোচনায় এসেছে ১৯ নম্বর জার্সি। ক্যারিয়ারের শুরুতে আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে এই নম্বরেই খেলেছিলেন মেসি। আর ২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। সেই মিল থেকেই সমর্থকদের অনেকেই বিশ্বাস করছেন, এটি হয়তো আরেকটি শুভ ইঙ্গিত।
অবশ্য এসবই নিছক কাকতালীয় ঘটনা বা সমর্থকদের কল্পনাপ্রসূত ব্যাখ্যা—এর কোনো বাস্তব বা বৈজ্ঞানিক ভিত্তি নেই। শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে কি না, তার উত্তর মিলবে শুধুই মাঠের লড়াইয়ে।:::
