ইরান সমঝোতা নিয়ে উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে সাম্প্রতিক সমঝোতার পর উপসাগরীয় মিত্র দেশগুলোর উদ্বেগ কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচল নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, বৈঠকে রুবিও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশটির নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে কূটনৈতিক অগ্রগতিকে কেন্দ্র করে উপসাগরীয় দেশগুলোর মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা দূর করতেই ওয়াশিংটন মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা বাড়িয়েছে। এ লক্ষ্যেই রুবিওর মধ্যপ্রাচ্য সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
