তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক বন্যায় নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। এ ঘটনায় ২৯১ জন বিদেশিসহ কয়েক শত মানুষ নিখোঁজ রয়েছেন। বন্যার পানিতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো।

নেপালি গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বুধবার ভোরে সীমান্তের তিব্বত অংশ থেকে আসা পানির প্রবল স্রোতে ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে নুয়াকোট ও ধাদিং জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র উপ-মহাপরিদর্শক অবি নারায়ণ কাফলের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নুয়াকোট ও ধাদিং জেলা থেকে এখন পর্যন্ত অন্তত আটটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিকসহ অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তবে বাংলাদেশি রয়েছেন কি না এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
এ ছাড়া রাসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ সদস্য নিখোঁজ রয়েছেন। সশস্ত্র পুলিশ বাহিনীরও সাত সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।
