চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং চিকিৎসকদের স্যাম্পল বিক্রির দায়ে চার ফার্মেসি মালিককে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে পুলিশের সহযোগিতায় বিবিরহাট বাজারের বিভিন্ন ফার্মেসিতে বিশেষ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চিকিৎসকদের জন্য নির্ধারিত স্যাম্পল বিক্রি এবং অননুমোদিত ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় চারটি মামলা দায়ের করা হয়। এ সময় চার ফার্মেসি মালিককে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ বলেন, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন কিংবা অবৈধভাবে সংরক্ষিত ওষুধ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
