অটোরিকশাচালক হত্যা: প্রধান আসামি গ্রেপ্তারের পর বাড়িতে আগুন-ভাঙচুর
বরিশাল নগরে অটোরিকশাচালক নাজমুল হোসেন (২৩) হত্যাকাণ্ডের প্রধান আসামি মিরাজ হাওলাদারকে গ্রেপ্তারের পর তাঁর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সকালে নগরের জাগুয়া নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাজ নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নিহত নাজমুলের স্বজন ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা আসামির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত শনিবার অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন নাজমুল। দুই দিন পর নগরের কালিজিরা নদীর পূর্ব তীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মিরাজ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে নাজমুলকে হত্যা করা হয়ে থাকতে পারে।
বরিশাল মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আবদুল হান্নান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করছে। একই সঙ্গে আসামির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদেরও শনাক্ত করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
