৫ বছর পর ১,০৩৩ কিলোমিটার দূরে মিলল হারিয়ে যাওয়া পোষা কুকুর

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের লিংকনে বসবাসকারী ইনমাকুলাডা জ্যাকম্যানের পরিবারের পোষা কুকুর ‘চং’ ২০২১ সালে হঠাৎ করেই হারিয়ে যায়। দীর্ঘ পাঁচ বছর ধরে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।
অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের সূত্র ধরে জানা যায়, ইনডিয়ানা অঙ্গরাজ্যের পিটসবোরোর একটি ট্রাকস্টপের বাইরে ঘোরাফেরা করার সময় চংকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাণী আশ্রয়কেন্দ্র। স্থানটি জ্যাকম্যান পরিবারের বাড়ি থেকে প্রায় ১,০৩৩ কিলোমিটার দূরে।
খবর পেয়ে আশ্রয়কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন জ্যাকম্যান। তবে চংয়ের শরীরে অন্য একজনের নামে নিবন্ধিত একটি নতুন মাইক্রোচিপ থাকায় আশ্রয়কেন্দ্রকে নিয়ম অনুযায়ী কয়েক দিন অপেক্ষা করতে হয়। চিপে থাকা নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত কুকুরটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
চংকে নিতে ইনডিয়ানায় যান জ্যাকম্যান। সঙ্গে ছিল চংয়ের ভাই ‘চিচ’। আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর পর চং শুধু তার মালিককেই নয়, নিজের ভাইকেও চিনে ফেলে। দীর্ঘ পাঁচ বছর পর পরিবারের সঙ্গে পোষা কুকুরটির আবেগঘন পুনর্মিলনের ঘটনায় আনন্দের পরিবেশ তৈরি হয়।
