হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮
দেশে হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন হামের উপসর্গ নিয়ে এবং একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মোট মৃতদের মধ্যে ৫৩৬ শিশু হামের উপসর্গ নিয়ে এবং ৯২ শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের একজন করে।
এ সময়ে নতুন করে ১ হাজার ৯২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে (৩৪৬), এরপর চট্টগ্রামে ২২১ ও বরিশালে ১৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ প্রথম হাম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮০ হাজার ১০৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ৯ হাজার ৭৭৯ জনের হাম নিশ্চিত হয়েছে এবং ৬৫ হাজার ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬১ হাজার ২৭৮ জন।
