শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে সংলাপ নয়: বিরোধীদের কঠোর অবস্থান

আজ বৃহস্পতিবার ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।
আজ বৃহস্পতিবার ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নফাঁস ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে সংসদ ভবনে ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।

বৈঠক শেষে কংগ্রেস নেতা কে.সি. বেনুগোপাল জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনায় অংশ নেবে না বিরোধী দলগুলো। তিনি বলেন, এ সিদ্ধান্ত স্পিকার ওম বিড়লাকেও জানানো হয়েছে।

দেশজুড়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যেই বিরোধীদের এই অবস্থান সামনে এসেছে। এদিন সংসদ প্রাঙ্গণেও কংগ্রেসসহ বিরোধী জোটের সংসদ সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

অন্যদিকে মোদি সরকার জানিয়েছে, তারা নিট ইস্যুতে সংসদে আলোচনায় প্রস্তুত। সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার এ বিষয়ে খোলামেলা আলোচনায় আগ্রহী।

বিরোধীদের অবস্থানের সমালোচনা করে বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতীন নবীন বলেন, কংগ্রেসসহ বিরোধী দলগুলো আলোচনা এড়িয়ে যাচ্ছে। তাঁর দাবি, সংসদে বিতর্ক শুরু হলে তাদের দ্বিচারিতা দেশের মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে।

তিনি আরও বলেন, নিটসহ শিক্ষার্থী ও তরুণদের সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করতে এনডিএ সরকার প্রস্তুত। তবে রাহুল গান্ধী ও বিরোধীরা বরাবরের মতো সংসদীয় বিতর্ক এড়িয়ে চলছেন বলেও অভিযোগ করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top