ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় বন্দি, দেশে ফিরলেন দুই যুবক
ইতালিতে ভালো চাকরির আশায় দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিয়েছিলেন মাদারীপুরের রাহাত তালুকদার (২৮) ও আরাফাত কাজী (২৫)। তবে ইতালির বদলে লিবিয়ায় পৌঁছে তারা কথিত ‘গেমঘরে’ বন্দি হন। সেখানে হাত-পা বেঁধে মারধর, পাইপ দিয়ে পেটানো, সিগারেটের আগুনে পোড়ানো ও গরম লোহা দিয়ে ছ্যাঁকা দেওয়ার মতো নির্যাতনের অভিযোগ করেছেন তারা।
প্রায় এক বছর পর গত ৮ আগস্ট দেশে ফিরে বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। রাহাত জানান, মুক্তিপণের টাকা না দিলে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হতো। পরিবারের কাছে নির্যাতনের ভিডিও পাঠিয়ে দফায় দফায় টাকা দাবি করা হতো বলেও অভিযোগ করেন তিনি।

পরিবারের দাবি, ইতালিতে পাঠানোর কথা বলে রাহাতের কাছ থেকে প্রায় ২২ লাখ এবং আরাফাতের পরিবারের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা নেওয়া হয়। পরে তাদের লিবিয়ার একটি চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, মাদারীপুরের ওই এলাকায় বিদেশে পাঠানোর নামে আরও অনেক তরুণ মানবপাচারের শিকার হয়েছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে এবং সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
