
হরমুজ প্রণালিতে নতুন সামুদ্রিক নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে নতুন নৌপথ নিয়ে আলোচনা মানেই হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে—এমন নয়।
রোববার সাংবাদিকদের আরাগচি জানান, বিদ্যমান নৌপথের পরিবর্তে নতুন কয়েকটি রুট নির্ধারণ নিয়ে ইরান ও ওমানের বিশেষজ্ঞরা কাজ করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় মানচিত্র তৈরির কাজও চলছে।
তিনি বলেন, ১৯৬৮ সালে নির্ধারিত সামুদ্রিক নৌপথগুলো বর্তমান পরিস্থিতির আলোকে পর্যালোচনা করা হচ্ছে। সাম্প্রতিক সংঘাতের কারণে নতুন রুট নির্ধারণের প্রয়োজন দেখা দিয়েছে।
আরাগচি আরও জানান, হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য আরও কিছু শর্ত পূরণ করতে হবে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোকে এসব শর্ত জানানো হয়েছে। নতুন নৌপথ চূড়ান্ত হওয়ার পর প্রণালি খুললে সেগুলো ব্যবহার করা হবে।
