মালদিনি-লিওনার্দোর পদত্যাগে নতুন সংকটে ইতালির ফুটবল
ইতালির ফুটবল পুনর্গঠনের পরিকল্পনা শুরুতেই বড় ধাক্কা খেয়েছে। দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং তাঁর উপদেষ্টা লিওনার্দো পদত্যাগ করেছেন। ইতালীয় গণমাধ্যমের দাবি, তাদের পছন্দের কোচ আন্দ্রেয়া পিরলোকে নিয়োগ দিতে না পারাই এই সিদ্ধান্তের প্রধান কারণ।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়ার পর জাতীয় দলকে নতুনভাবে গড়ার লক্ষ্যে গত ১১ জুলাই মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর এবং লিওনার্দোকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় এফআইজিসি।

প্রধান কোচ হিসেবে মালদিনির প্রথম পছন্দ ছিলেন সাবেক বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। তবে একটি রুশ বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে পিরলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় শেষ পর্যন্ত তিনি নিজেই কোচ হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ান। এর আগে পেপ গার্দিওলাও ইতালির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
পিরলোর সরে দাঁড়ানোর পর উপযুক্ত বিকল্প না পেয়ে মালদিনি পদত্যাগ করেন। একই সিদ্ধান্ত নেন লিওনার্দোও। তাদের বিদায়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি জিওভান্নি মালাগোর সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
বর্তমানে ইতালির প্রধান কোচের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন রবার্তো মানচিনি, আন্তোনিও কন্তে ও থিয়াগো মোত্তা। তবে এফআইজিসি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম নিশ্চিত করেনি।
