ফরিদপুরে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের পর এক কলেজছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
নিহত আয়েশা আফরিন (১৭) সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের বাসিন্দা এবং ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের অভিযোগ, তীব্র পেটব্যথা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর রাতে তার অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরই অবস্থার অবনতি হলে অন্য একটি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়। সেখানে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
স্বজনদের দাবি, চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই আয়েশার মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। তবে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্তে গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
