টানা ভারী বর্ষণ, বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের আশঙ্কায় বান্দরবানে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা আরও দুই দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ জুলাই পর্যন্ত পর্যটকরা এ জেলায় ভ্রমণ করতে পারবেন না।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ৬ জুলাই জারি করা এক নির্দেশনায় ১০ জুলাই পর্যন্ত পর্যটকদের বান্দরবানে ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছিল। তবে জেলায় টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। সে জন্য বিভিন্ন স্থানে পাহাড় ধসের তীব্র ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও ২ দিন বাড়িয়ে আগামী ১২ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।
এই বিরূপ আবহাওয়ায় পর্যটকদের পাশাপাশি স্থানীয় জনসাধারণের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে জেলার সব ধরনের পাহাড়ি ঝরনা, নদীপথ, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে যাতায়াত বা ভ্রমণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য অনুরোধ করেছে প্রশাসন।
