‘গোলমেশিন’ সাইবারিকে ছাড়াই ফ্রান্সের বিপক্ষে খেলবে মরক্কো
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল মরক্কো। পেশির চোটের কারণে দলের অন্যতম নির্ভরযোগ্য ফরোয়ার্ড ইসমায়েল সাইবারিকে পাচ্ছে না তারা। বাংলাদেশ সময় আজ রাত ২টায় বোস্টনে মুখোমুখি হবে দুই দল।

শেষ ষোলোতে কানাডার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন সাইবারি। এবারের বিশ্বকাপে তিন গোল করা এই ফরোয়ার্ডের অনুপস্থিতি মরক্কোর আক্রমণভাগে বড় প্রভাব ফেলতে পারে।
তবে মরক্কোর কোচ মোহামেদ ওয়াহ্বি আশা ছাড়ছেন না। তিনি বলেন, দ্রুত ম্যাচ থাকায় সাইবারিকে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না, তবে টুর্নামেন্টের বাকি অংশে ফেরার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেকে নিয়ে আক্রমণভাগে আত্মবিশ্বাসী দিদিয়ের দেশম। চলতি বিশ্বকাপে এমবাপ্পে করেছেন ৭ গোল।
২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরেছিল মরক্কো। সেই স্মৃতি পেছনে ফেলে এবার নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আফ্রিকার প্রতিনিধিরা।
