
ডিজিটাল প্রযুক্তিকে ভয় নয়, বরং নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহার শেখানোর মাধ্যমে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার ঢাকার গুলশানে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত ‘ডিজিটাল জেন্ডার নরমস’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তির অগ্রযাত্রা থেমে থাকবে না। তাই শিশুদের প্রযুক্তি থেকে দূরে না রেখে নিরাপদ ব্যবহার, তথ্য যাচাই, অনলাইন নৈতিকতা ও ডিজিটাল আচরণ সম্পর্কে দক্ষ করে তুলতে হবে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, চরিত্রহনন ও ডিজিটাল হয়রানি উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে নারী ও কিশোরীরা বেশি ঝুঁকিতে থাকায় কার্যকর আইন ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
ববি হাজ্জাজ জানান, নতুন শিক্ষাক্রমে ডিজিটাল নিরাপত্তা, জীবনদক্ষতা, জেন্ডার সংবেদনশীলতা ও নাগরিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ডিভাইসের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
