
চট্টগ্রামের ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। তিনি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করা উচিত।
প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক, চট্টগ্রাম মডার্ন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এ কে এম মহিউদ্দিন আজম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিদ্যালয়ের অধ্যক্ষ মো. শহিদুল আজমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথি, প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
