পাকিস্তানের প্রধানমন্ত্রীর পর সৌদিতে যাচ্ছেন এরদোয়ান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরব সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর সৌদিতে এটিই তার প্রথম সফর। শুক্রবার তার কার্যালয় সফরটিকে এক দিনের ‘রুটিন কর্মসফর’ হিসেবে উল্লেখ করেছে।

সফরে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে এরদোয়ানের। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা গুরুত্ব পেতে পারে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পর সৌদিতে যাচ্ছেন এরদোয়ান

সফর ঘিরে তিন দেশের মধ্যে সম্ভাব্য একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও পাকিস্তানের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোয় তুরস্ককে যুক্ত করার বিষয়ে আলোচনা হতে পারে। তবে কোনো দেশই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এমন চুক্তির বিষয়টি নিশ্চিত করেনি।

সৌদি আরবের নেতৃত্বে লোহিত সাগর, বাব আল-মান্দেব ও এডেন উপসাগরের নৌপথের নিরাপত্তায় নতুন সামুদ্রিক উদ্যোগ ঘোষণার পরপরই এরদোয়ানের এই সফর হচ্ছে। একই সময়ে হরমুজ প্রণালীর উত্তেজনা এবং ইয়েমেনের হুতিদের সঙ্গে সৌদি আরবের বিরোধও আঞ্চলিক নিরাপত্তাকে আরও জটিল করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, এসব পরিস্থিতিতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top