রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত সলিসিটর অফিসকে দণ্ডিতদের পক্ষে স্টেট ডিফেন্স ল’ইয়ার নিয়োগের নির্দেশ দিয়েছে।
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আলোচিত এ মামলায় সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে রায়ের বিরুদ্ধে দুই আসামি পৃথক জেল আপিল করেন।
আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। এজন্য ডেথ রেফারেন্স, জেল আপিল ও সংশ্লিষ্ট আবেদনগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হবে। আদালত জানিয়েছে, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মামলাটি শুনানির জন্য প্রস্তুত হবে।
উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় দ্রুত বিচার শেষে মাত্র ১৯ দিনের মধ্যে রায় ঘোষণা করা হয়।
