নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ এজেন্ট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, শরীরে নির্যাতনের চিহ্ন
নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মোতালেব হোসেন (৬১) নামে এক বিকাশ এজেন্ট ও ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরের জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি-সংলগ্ন সড়কের পাশ থেকে লেপ-তোশকে মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণের পর অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোতালেব হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয় বাজারে একটি লাইব্রেরির পাশাপাশি মোবাইল ব্যাংকিং (বিকাশ) ব্যবসা পরিচালনা করতেন।
স্বজনদের ভাষ্য, বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে লেপ-তোশকে মোড়ানো মরদেহ দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, শ্বাসরোধের পাশাপাশি শরীরে গরম পানির সেঁকারও আলামত পাওয়া গেছে। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
