টানা বৃষ্টিতে চট্টগ্রাম অচল, দুর্ভোগে নগরজীবন

চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল ও প্রধান সড়কে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কিছু এলাকায় বুকসমান পানিতে ডুবে গেছে সড়ক ও আশপাশের এলাকা। এতে সাধারণ মানুষ, বিশেষ করে পথচারী, অফিসগামী, শিক্ষার্থী ও চলমান এইচএসসি-দাখিল পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে ভারী বৃষ্টিতে প্রবর্তক মোড়, মুরাদপুর, চকবাজার, জিইসি মোড়, আগ্রাবাদ, হালিশহর ও বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। অনেক স্থানে রিকশা ও অটোরিকশা চলাচলও বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, খাল সংস্কারকাজের অস্থায়ী বাঁধের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতা আরও বেড়েছে।

টানা বৃষ্টিতে চট্টগ্রাম অচল
টানা বৃষ্টিতে চট্টগ্রাম অচল

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী জানান, উন্নয়ন কাজ চলমান থাকায় কিছু এলাকায় সাময়িকভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে, তবে কাজ শেষ হলে পরিস্থিতির উন্নতি হবে।

চট্টগ্রাম আমবাগান আবহাওয়া অফিস জানায়, কালবৈশাখী ঝড়ের প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আগামী দিনগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, বায়ুচাপের তারতম্যের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top