জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। একই সঙ্গে তাঁকে দুই কর্মদিবস জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এ আদেশ দেন। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মোজাফফরকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন।
আদালত আদেশে বলেন, আগের নির্দেশ অনুযায়ী আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি তদন্ত সংস্থাকে দুই কর্মদিবস জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হলো। একই সঙ্গে তাঁকে সেনা হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২১ জুলাই ট্রাইব্যুনাল-২ মোজাফফরকে ২৪ জুলাই আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল। সে অনুযায়ী বৃহস্পতিবার সকালে তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়।
চিফ প্রসিকিউটরের করা ‘মিস কেস ১/২৬’-এ মোজাফফর হোসেনের সঙ্গে অপর আসামি হিসেবে রয়েছেন ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাঁকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
