জাতিসংঘ ছাড়ার পক্ষে ট্রাম্প প্রশাসনে ইসরায়েলি থিংকট্যাংকের লবিং
যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে প্রত্যাহারের পক্ষে ওয়াশিংটনে লবিং চালিয়েছে ইসরায়েলের কট্টরপন্থী থিংকট্যাংক মিসগাভ ইনস্টিটিউট। এ প্রচারের জন্য মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামের একটি লবিং প্রতিষ্ঠানকে এক মাসের জন্য ৫ হাজার ডলারে নিয়োগ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।
লবিং প্রতিষ্ঠানটি মার্কিন কংগ্রেসের সদস্য ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে জাতিসংঘ ছাড়ার পক্ষে তৈরি একটি প্রতিবেদন তুলে ধরে। পাশাপাশি প্রতিবেদনের লেখকদের সঙ্গে নীতিনির্ধারকদের বৈঠকের ব্যবস্থাও করা হয়।
মিসগাভের প্রতিবেদনে জাতিসংঘকে সংস্কারে অক্ষম এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে কাজ করার অভিযোগ করা হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমালোচনাও করা হয়।
হারেৎজের তথ্য অনুযায়ী, এই লবিং কার্যক্রমের আওতায় কংগ্রেসের বিভিন্ন কমিটি, হোয়াইট হাউস, পররাষ্ট্র দপ্তর ও জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তাদেরও লক্ষ্য করা হয়েছিল। তবে মিসগাভ দাবি করেছে, এটি ছিল সীমিত পরিসরের গবেষণাভিত্তিক প্রচার কার্যক্রম।

