মাঠপর্যায়ে বনভূমি জবরদখল উচ্ছেদ অভিযানে নিরাপত্তা, আইনি সুরক্ষা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিতসহ আট দফা দাবিতে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
রবিবার (২ আগস্ট) নগরীর নন্দনকাননে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষকের কার্যালয়ে সংগঠনের আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মেহরাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক সিফাত আল রাব্বানী স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, সুন্দরবন, মৌলভীবাজার ও কক্সবাজারের রামুসহ বিভিন্ন স্থানে বনকর্মীদের ওপর হামলার ঘটনায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। পাশাপাশি উচ্ছেদ অভিযানে বনকর্মীদের আইনি এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠায় প্রশাসনিক অনিশ্চয়তাও সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতিতে বন ও বনজ সম্পদ রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আট দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— সুনির্দিষ্ট আইনি কাঠামো ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন, হামলায় নিহত ও আহত বনকর্মীদের ন্যায়বিচার নিশ্চিত করা, স্থায়ী আইনি সহায়তা সেল গঠন, অভিযানে বুলেটপ্রুফ ভেস্ট, হেলমেট, বডি ক্যামেরাসহ আধুনিক নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নিশ্চিত করা, বিশেষ ঝুঁকি ভাতা চালু, আন্তঃদপ্তর সমন্বয় জোরদার এবং জরুরি চিকিৎসা তহবিল ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা।
