২০ হাজার টাকায় সন্তানকে বিক্রির পর উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রোকসানা বেগম (১৮) নামে এক মা নিজের কন্যা সন্তানকে ২০ হাজার টাকায় বিক্রি করেছে। পরে দাদীর অভিযোগের পর ওই সন্তানকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে ১ মাস ১৩ দিন বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকার সিএনজি চালক মো. রাকিব (১৮) ও রোকসানা বেগম দম্পতির ঘরে গত ২০ জুন একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান রোকসানা। গত ২৭ জুলাই রোকসানার বাবার বাড়ি থেকে জানানো হয় শিশুটি মারা গেছে। তার দাফনও হয়ে গেছে। পরদিন শিশুটির দাদী রোকসানার বাবার বাড়িতে নাতনীর কবর দেখতে গেলে বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হয়। পরে শিশুটির দাদী থানায় এ বিষয়ে অভিযোগ দেন।

বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন জানান, শিশুটির দাদীর অভিযোগের পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। একপর্যায়ে জানা যায় হাটহাজারী এলাকায় এক নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। পরে শনিবার দিবাগত রাতে শিশুটিকে উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top