চট্টগ্রাম নগরের ফলমন্ডিতে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুরে তেল মিশিয়ে প্যাকেটজাত ও বাজারজাত করার দায়ে তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরণে অনিয়মের দায়ে আরও চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নগরের ফলমন্ডি, স্টেশন রোড ও দেওয়ানহাট এলাকায় বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়।
অভিযান সূত্রে জানা যায়, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজ ও মেসার্স অ্যান্ড ব্রাদার্সকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, দেওয়ানহাট এলাকার তায়েফ রেস্তোরাঁয় রান্নায় নিষিদ্ধ কাশ্মীরি মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত করার দায়ে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বাজার তদারকির সময় বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিককে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
