চামড়াশিল্প পুনরুজ্জীবনে উদ্যোগ নিচ্ছে সরকার: বিসিক চেয়ারম্যান
বিগত সরকারের আমলে দেশের চামড়াশিল্পের অবনতি হয়েছে উল্লেখ করে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেছেন, বর্তমান সরকার এ শিল্পকে নতুন করে জাগিয়ে তুলতে চায়। দীর্ঘদিনের সমস্যা সমাধানে আর সময় নষ্ট করতে চায় না বিসিক।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিসিক আয়োজিত ‘জব অ্যান্ড ক্যারিয়ার ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, পরিবেশ সুরক্ষায় চামড়া, প্লাস্টিক ও মুদ্রণশিল্পের কারখানাগুলো পরিকল্পিত শিল্প পার্কে স্থানান্তরের উদ্যোগ চলছে। পাশাপাশি দেশীয় কাঁচামালনির্ভর শিল্পের বিকাশ ও পণ্যের বাজারজাতকরণে গুরুত্ব দিচ্ছে বিসিক।

জব ফেয়ার প্রসঙ্গে তিনি বলেন, চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে যোগাযোগ তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টি এ আয়োজনের মূল লক্ষ্য। মেলায় কয়েকজন তরুণকে তাৎক্ষণিকভাবে নিয়োগপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং চিটাগং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হকসহ অন্যান্য অতিথি বক্তব্য দেন। বক্তারা কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং শিল্পের বিকাশে সরকারি-বেসরকারি উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
