ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর সংস্কার দ্রুত সম্পন্ন না হলে লেবাননের অন্তত এক লাখ শিশু শিক্ষাবঞ্চিত হতে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের জরিপে দেখা গেছে, যুদ্ধের সময় ৩৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৭টি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

লেবাননে ইউনিসেফের প্রতিনিধি মার্কোলুইজি কর্সি বলেন, স্কুল শুধু শিক্ষার স্থান নয়, শিশুদের নিরাপত্তা ও মানসিক পুনরুদ্ধারেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই ক্ষতিগ্রস্ত স্কুলগুলো মেরামতে জরুরি বিনিয়োগ প্রয়োজন।
ইউনিসেফের মতে, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকলে শিশুরা ঝরে পড়া, মানসিক সমস্যার পাশাপাশি বাল্যবিবাহ ও শিশুশ্রমের ঝুঁকিতেও পড়তে পারে। এজন্য শিক্ষা ব্যবস্থার দ্রুত পুনরুদ্ধারে সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে সংস্থাটি।
