‘যেখানে-সেখানে ময়লা না ফেলার প্রতিজ্ঞা করতে হবে’
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
বৃহস্পতিবার নগরীর চেরাগী পাহাড়ে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ)-এর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, নিয়মিত খাল ও ড্রেন সংস্কারের পরও অনেকেই নির্ধারিত স্থানে বর্জ্য না ফেলে যত্রতত্র ফেলছেন। এতে খাল-ড্রেন আবারও ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, “চট্টগ্রামকে বাসযোগ্য রাখতে হলে নাগরিকদের মানসিকতার পরিবর্তন জরুরি। বিশেষ করে পলিথিন ও বর্জ্য যেখানে-সেখানে না ফেলার প্রতিজ্ঞা আমাদের সবাইকে করতে হবে।”
সভায় পিআরইউর আহ্বায়ক হাসান মুকুল, সদস্য সচিব ইমরান এমিসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

