সীতাকুণ্ডে ঝটিকা মিছিল, ৩৭ জনের নামে মামলা; গ্রেফতার ৩,
চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় নাশকতার অভিযোগে ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় আরও ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এবং এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ জুন) দিবাগত রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই ধনতোষ চাকমা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন। পরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সৈয়দ আশরাফ, সাইফুদ্দিন শিকদার পারভেজ ও আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মিছিলের স্থান পরিদর্শন করে কার্তুজের খোসা ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর জানান, গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) বিকেলে সলিমপুর ইউনিয়নের ডিসি পার্কসংলগ্ন বন্দরগামী সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আকস্মিক মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয় এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে।
