সাবেক মেয়র মনজুর ও সাবেক এমপি সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভা ও মশাল মিছিলের ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ ২৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সাবেক মেয়র মনজুর ও সাবেক এমপি সনি
সাবেক মেয়র মনজুর ও সাবেক এমপি সনি

শুক্রবার রাতে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে উপজেলার রোসাংগিরী ইউনিয়নের আজিমনগর এলাকায় নাজিরহাট-মাইজভান্ডার সড়কে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে চারটি বাঁশের তৈরি মশাল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দাবি করেছে, কয়েকজন শীর্ষ নেতার নির্দেশনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতির লক্ষ্যে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সভা ও মিছিলের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top