রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ অবসানের বিষয়ে তাঁর সঙ্গে সরাসরি বৈঠকের আহ্বান জানালেও তিনি এখন এমন কোনো বৈঠকের প্রয়োজন দেখছেন না।

গত বৃহস্পতিবার জেলেনস্কি পুতিনের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। সে চিঠিতে তিনি পুতিনকে সরাসরি আলোচনার আহ্বান জানান। চিঠিতে জেলেনস্কি লিখেছেন, ২০২২ সালে শুরু হওয়া এ যুদ্ধ আবারও যুক্তরাষ্ট্রের প্রধান মনোযোগের বিষয় হয়ে উঠবে (অর্থাৎ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করবে)—এমন আশায় হাত গুটিয়ে বসে থাকা ভুল কাজ হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট চিঠিতে যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে চিঠিতে তিনি কিছু বিষয়ে দৃঢ় অবস্থান প্রকাশ করেছেন, কিছু ক্ষেত্রে বিদ্রূপাত্মক সুর ব্যবহার করেছেন।
