শিরোপা হারিয়েও বীরের সম্মান, আর্জেন্টিনাকে বরণে জনতার ঢল

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ না হলেও দেশে ফিরেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

সোমবার সকালে বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লাল গালিচা, সামরিক ব্যান্ড ও আনুষ্ঠানিক সংবর্ধনার মাধ্যমে খেলোয়াড় ও কোচিং স্টাফকে বরণ করে নেওয়া হয়।

হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনাকে বরণে সমর্থকের ঢল

তবে পুরো দল একসঙ্গে ফেরেনি। অধিনায়ক লিওনেল মেসিসহ কয়েকজন ফুটবলার যুক্তরাষ্ট্রেই থেকে যাওয়ায় তারা এই বহরে ছিলেন না।

বৃষ্টি ও শীত উপেক্ষা করে বিমানবন্দরের বাইরে এবং জাতীয় দলের অনুশীলন কেন্দ্রের সামনে হাজারো সমর্থক জড়ো হন। জাতীয় পতাকা হাতে তারা করতালি ও স্লোগানে রানার্সআপ দলকে স্বাগত জানান। শিরোপা হাতছাড়া হলেও দলের লড়াইয়ের প্রশংসা করেন তারা।

এদিকে ফাইনালের পর বুয়েনস আইরেসের ওবেলিস্ক চত্বরে উদযাপনের সময় কিছু উচ্ছৃঙ্খল সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

দেশে ফিরেছেন: এমিলিয়ানো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসোসহ মোট ১৬ জন ফুটবলার।

এখনও দেশে ফেরেননি: লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা, নিকোলাস পাজসহ আরও কয়েকজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top