লোহাগাড়ায় কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়ায় ডেভিড জিহাদ নামে কিশোর গ্যাংয়ের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জিহাদের বিরুদ্ধে স্কুলশিক্ষককে হুমকি দেওয়া ও কিশোর গ্যাংয়ের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ২৩ আগস্ট ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনায় শিক্ষক জামাল উদ্দিন সুমন কয়েকজনকে পুলিশের কাছে সোপর্দ করেন। এরপর ফোন করে ওই শিক্ষক ও তার পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জিহাদের বিরুদ্ধে।

এ ছাড়া গত ৪ সেপ্টেম্বর আমিরাবাদ এলাকায় শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলার ঘটনাতেও জিহাদের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ জানান, গ্রেপ্তার জিহাদকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
