ফার্মেসি ও চিকিৎসাসেবা ব্যবস্থাপনায় ‘ফার্মাজ২৪৭’ সফটওয়্যার চালু
ফার্মেসির বিক্রি, ওষুধের মজুত ও মেয়াদ, হিসাব-নিকাশসহ দৈনন্দিন ব্যবস্থাপনার বিভিন্ন কাজ এক প্ল্যাটফর্মে করার সুবিধা নিয়ে ‘ফার্মাজ২৪৭ (Pharmaz247)’ সফটওয়্যারের সফট লঞ্চ করেছে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান টিউলিপটেক লিমিটেড।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মধ্য বাড্ডায় টিউলিপটেকের ঢাকা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সফটওয়্যারটির বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ফার্মাজ২৪৭-এর মাধ্যমে বিলিং, পিওএস, ওষুধের স্টক ও মেয়াদ ব্যবস্থাপনা, সরবরাহকারীর কাছ থেকে পণ্য কেনা এবং হিসাব-নিকাশ পরিচালনা করা যাবে।
একক ফার্মেসির পাশাপাশি ফার্মেসি চেইন, ক্লিনিক ও হাসপাতালের ব্যবস্থাপনাতেও সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। এতে চিকিৎসকের সিরিয়াল ও অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাপনার পাশাপাশি টেলিমেডিসিন সুবিধাও রাখা হয়েছে।

টিউলিপটেকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা লুকা লিকাটা বলেন, ফার্মাজ২৪৭ বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ফার্মেসির হিসাব, ওষুধের মজুত, অর্ডার ও পেমেন্ট ব্যবস্থাপনা সহজ হবে। একই সঙ্গে রোগীরা দ্রুত প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও জানান, প্ল্যাটফর্মে রোগীর মেডিকেল রেকর্ড, চিকিৎসকের প্রেসক্রিপশন ও ফার্মেসি-সংক্রান্ত তথ্য একই ব্যবস্থার আওতায় আনার সুযোগ রয়েছে। ভবিষ্যতে স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্টদের পরামর্শ অনুযায়ী সফটওয়্যারটিতে আরও নতুন সুবিধা যুক্ত করা হবে।
অনুষ্ঠানে ফার্মাজ২৪৭-এর লাইভ ডেমো প্রদর্শনের পাশাপাশি ফিডব্যাক ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা সফটওয়্যারটির বিভিন্ন ফিচার দেখার সুযোগ পান এবং নিজেদের মতামত তুলে ধরেন।
