রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোনে প্রায় এক দশক ধরে পড়ে থাকা ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ বাজেয়াপ্ত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে স্ক্র্যাপে পরিণত হওয়া এসব উড়োজাহাজ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

বেবিচক জানিয়েছে, পরিত্যক্ত উড়োজাহাজগুলোর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের ৮টি, রিজেন্ট এয়ারওয়েজের ২টি এবং জিএমজি ও অ্যাঞ্জেল এয়ারওয়েজের একটি করে বিমান রয়েছে। দীর্ঘদিন ধরে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অ্যাপ্রোন এলাকায় পড়ে থাকায় কার্গো কার্যক্রম ও উড়োজাহাজ পার্কিংয়ে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
সংস্থাটির দাবি, উড়োজাহাজগুলো দীর্ঘদিন খোলা পরিবেশে পড়ে থাকায় এখন আর উড্ডয়নের উপযোগী নয়। আন্তর্জাতিক মান অনুযায়ী মূল্য নির্ধারণে যে ব্যয় হবে, তা সম্ভাব্য বিক্রয়মূল্যের চেয়েও বেশি হতে পারে। তাই ভিত্তিমূল্য নির্ধারণ ছাড়াই আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
বেবিচকের আশা, নিলামের মাধ্যমে পরিত্যক্ত উড়োজাহাজগুলো অপসারণ করা গেলে বিমানবন্দরের অপারেশনাল সক্ষমতা বাড়বে, কার্গো কার্যক্রম আরও গতিশীল হবে এবং মূল্যবান অ্যাপ্রোন এলাকা কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে।
