বান্দরবানে প্রশাসনের নির্দেশ অমান্য করে পর্যটকদের নিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় যাওয়ার অভিযোগে ‘ট্রেইল অব হ্যাভেন’ নামের একটি ট্যুর ইভেন্ট গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে থানচি উপজেলা প্রশাসন। গ্রুপটির থানচি উপজেলায় পরিচালিত সব ধরণের ট্যুর ইভেন্ট কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার থানচি উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল ফয়সাল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে বলা হয়, প্রশাসনকে না জানিয়ে ‘ট্রেইল অব হ্যাভেন’ এর একটি ১০ থেকে ১২ জনের পর্যটক দল তমাতুঙ্গি পর্যটন কেন্দ্র অতিক্রম করে সীমান্তবর্তী বাকলাই সেনা ক্যাম্পের দিকে যাওয়ার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের আটক করে।
থানচি উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল ফয়সাল জানান, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রেইল অব হ্যাভেনের থানচি উপজেলায় আয়োজিত সব ধরনের ট্যুর ইভেন্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
