চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (১৭ জুলাই) সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় পানিবন্দি ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ সময় সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, নায়েবে আমির আল্লামা মুফতি জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব, জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা মুফতি ইকরাম হোসাইন অদুদীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি জানান, ত্রাণ সহায়তার পাশাপাশি বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এবং আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাঁশখালীর তিনটি ইউনিয়ন ও পাশের পেকুয়া উপজেলার কয়েকটি এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
