জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল শিক্ষিকার ,
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শতাব্দী চাকমা রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা এবং নানিয়ারচর উপজেলার রামহরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

স্থানীয় সূত্র ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় রাস্তার ধারে একটি গাছে পাকা জাম দেখতে পেয়ে একটি কাঁচা বাঁশের সাহায্যে তা পাড়ার চেষ্টা করেন। অসাবধানতাবশত বাঁশটি পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর হাসপাতালে আনতে কিছুটা দেরি হওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। দ্রুত চিকিৎসা পেলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা শিক্ষিকার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
