সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ, এরপর আত্মহত্যার চেষ্টা

চট্টগ্রাম নগরীর বক্সিরহাট এলাকায় চাঁদাবাজির অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন সুমন ঘোষ (৪৮) নামে এক ব্যবসায়ী। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।

সুমন ঘোষ বক্সিরহাট এলাকার বাসিন্দা এবং ‘স্বপন ঘোষ অ্যান্ড সন্স’ নামে একটি মসলাজাতীয় পণ্যের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর

ফেসবুক লাইভে সুমন ঘোষ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নাম ব্যবহারকারী তিন ব্যক্তি তার কাছে দোকান ভাড়ার নামে নিয়মিত অর্থ দাবি করে আসছিলেন। তিনি দাবি করেন, ওই অর্থ দিতে অস্বীকৃতি জানানোয় তাকে রাজনৈতিক পরিচয়ের অভিযোগে হয়রানির শিকার হতে হয়েছে এবং কারাগারেও যেতে হয়েছে।

লাইভে তিনি আরও বলেন, দোকানের প্রকৃত মালিককে ভাড়া পরিশোধ করা সত্ত্বেও তার কাছে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন বলেও জানান তিনি।

বিষপানের সময় নিজের মৃত্যুর জন্য কয়েকজন ব্যক্তিকে দায়ী করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সুমন ঘোষ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ফেসবুক লাইভে বিষপানের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এদিকে ঘটনার পর অভিযুক্তদের একজন কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top