বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে তিনি বলেছেন, মাঠে নিয়মের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো দলকেই নিয়ম ভাঙার সুযোগ দেওয়া উচিত নয়।
রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল পরিচালনা করবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। ম্যাচের আগে স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, রেফারির দায়িত্ব হলো খেলার আইন কঠোরভাবে বাস্তবায়ন করা এবং ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা।

তবে একই সঙ্গে ম্যাচ পরিচালনায় রেফারিদের প্রতি নিজের পূর্ণ আস্থার কথাও জানান স্পেন কোচ। তিনি বলেন, বড় ম্যাচে কীভাবে খেলতে হয়, তা তার দল জানে এবং তারা নিজেদের পরিকল্পনা অনুযায়ীই মাঠে নামবে।
প্রতিপক্ষ আর্জেন্টিনার কৌশল নিয়ে বেশি ভাবতে চান না দে লা ফুয়েন্তে। তার মতে, স্পেনের মূল লক্ষ্য নিজেদের ফুটবল আরও কার্যকর ও নিখুঁতভাবে উপস্থাপন করা। পাশাপাশি খেলোয়াড়দের আবেগ নিয়ন্ত্রণে রেখে কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত এই ফাইনালের আগে স্পেন কোচের মন্তব্যে রেফারিং ইস্যু আবারও আলোচনায় এসেছে। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে আলোচনার কেন্দ্রবিন্দু থাকে ফুটবল, নাকি রেফারির সিদ্ধান্ত।
