চট্টগ্রামের ফটিকছড়িতে এক সৌদি প্রবাসীর বাড়িতে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জীবন পণ্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী এমদাদুল ইসলামের পরিবার বর্তমানে চট্টগ্রাম শহরে বসবাস করায় বাড়িটি অধিকাংশ সময় ফাঁকা থাকে। এই সুযোগে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

প্রবাসীর স্ত্রী নিলুফা ইয়াছমিন জানান, তারা শহরে বসবাস করায় বাড়িটি অনেকটা ফাঁকা থাকে। বুধবার রাতে দুর্বৃত্তরা ঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর সমন্ধি নাছির উদ্দীন।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।
